শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগামীকাল থেকে উন্নত হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
সভা শেষে ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর এই আশ্বাসের ফলে মিল-কলকারখানাগুলো পুনরায় স্বাভাবিক উৎপাদনে ফেরার আশা দেখছে। বিটিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রী তাকে নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার থেকেই বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে উন্নতি ঘটবে।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বিষয়টিকে আজকের সভার সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংকট শুরুর পূর্বের অবস্থায় কারখানাগুলো আগামীকাল রাত থেকেই ফিরতে পারবে। ব্যবসায়ী মহলে এই আশ্বাস কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।


