বিনোদন প্রতিবেদক:
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ দীর্ঘদিন ধরে জনসমক্ষে অনুপস্থিত। এরই মধ্যে তার দেশত্যাগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গোপনে দেশ ছেড়েছেন এই অভিনেতা। তবে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্রসংশ্লিষ্ট মহলে গুঞ্জন রয়েছে, ১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন রিয়াজ। তবে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো তথ্য তাদের জানা নেই। তিনি স্থলবন্দর ব্যবহার করে দেশ ছাড়তে পারেন বলেও সূত্রটি উল্লেখ করেছে।
রিয়াজ কিংবা তার পরিবারের পক্ষ থেকে দেশত্যাগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট রাতে যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল তার। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সে সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
এরপর থেকেই অভিনেতার অবস্থান নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে তাকে এফডিসি বা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি। তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ থাকার কথাও কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি বলে জানা গেছে।
হত্যা মামলায় জামিন আবেদন
দীর্ঘ বিরতির পর চলতি মাসের ৩ সেপ্টেম্বর আবারও আলোচনায় আসেন রিয়াজ। সেদিন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, রিয়াজ সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেননি।
মৃত্যুর গুজবও ছড়িয়েছিল
রিয়াজের দীর্ঘ অনুপস্থিতিকে কেন্দ্র করে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। একপর্যায়ে তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। পরে অভিনেতার স্ত্রী সেই খবরকে ভিত্তিহীন বলে জানান এবং রিয়াজ ভালো আছেন বলে নিশ্চিত করেন। তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
চলচ্চিত্রে রিয়াজের পথচলা
বিমানবাহিনীতে প্রশিক্ষিত পাইলট হিসেবে কর্মজীবন শুরু করা রিয়াজ নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। পরবর্তী সময়ে ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হাজার বছর ধরে’ ও ‘মোল্লাবাড়ির বউ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
চলচ্চিত্রের পাশাপাশি হুমায়ূন আহমেদের একাধিক নাটকেও অভিনয় করেছেন তিনি। রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’, যা ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।













