ভোলার মনপুরা উপজেলায় হামে আক্রান্ত হয়ে মোসা. আছিয়া (৮) নামের এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার বাসিন্দা ইসমাইলের কন্যা আছিয়াকে গত ১৩ অক্টোবর মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই কর্মকর্তা বলেন, শিশুদের হামের মতো রোগ থেকে সুরক্ষিত রাখতে হবে। কোনো শিশুর জ্বর কিংবা শরীরে ফুসকুড়ি ও হামের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে।















