পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি কোনো হুমকি কিংবা হামলার যেকোনো প্রচেষ্টা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে রুখে দেবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্ত্রী বলেন, প্রয়োজনে লাখ লাখ মুসলমান নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও এই দুই পবিত্র নগরীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করবে। ইনশাআল্লাহ এই অটল অবস্থান থেকে কেউ মুসলিম উম্মাহকে সরাতে পারবে না।
বিবৃতিতে ধর্মমন্ত্রী উল্লেখ করেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্বের সকল মুসলমানের আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্রবিন্দু এবং ইবাদতের শ্রেষ্ঠ স্থান। সেখানে কোনো ধরনের আগ্রাসন বা নিরাপত্তার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি পবিত্র আল হারামাইনের দুই ইমামের সাম্প্রতিক বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা রক্ষা করা বিশ্বের প্রতিটি মুসলমানের সম্মিলিত দায়বদ্ধতা।
পবিত্র এই নগরীগুলোর সুরক্ষা প্রশ্নে বাংলাদেশের মানুষ আপসহীন অবস্থানে রয়েছে বলে মন্ত্রী দৃঢ় কণ্ঠে জানান। তিনি বলেন, বিশ্বের সব মুসলিম রাষ্ট্র এবং উম্মাহকে পারস্পরিক বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। এমন ঐক্যবদ্ধ প্রয়াসই পারে বর্তমান ও ভবিষ্যতের যেকোনো ষড়যন্ত্র বা হামলার অপচেষ্টাকে সম্মিলিতভাবে নস্যাৎ করে দিতে।
সবশেষে মন্ত্রী মহান রাব্বুল আলামিনের দরবারে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সংহতি কামনা করেন। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র বিশ্বব্যাপী মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সদা প্রস্তুত।

















