বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে উচ্চ রক্তচাপ। বর্তমানে দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এই রোগটি। পরিসংখ্যান বলছে, দেশে অসংক্রামক রোগের প্রকোপ এতটাই বেশি যে, প্রতিবছর উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এর মধ্যে কেবল ২০২৪ সালেই হৃদরোগে প্রাণ হারিয়েছেন প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ জন, যার ৫২ শতাংশ মৃত্যুর পেছনে উচ্চ রক্তচাপকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কর্মশালায় উপস্থাপিত তথ্যে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশে শীর্ষ ১০টি রোগের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এবং গবেষণা প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে, যেখানে বিভিন্ন গণমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশ নেন। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশ নেন।
বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে জানান, বয়স্কদের পাশাপাশি দেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যেও উচ্চ রক্তচাপের হার বাড়ছে। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে-২০১৮’ অনুযায়ী, ১৮ থেকে ৩৯ বছর বয়সী দেশের প্রায় ১২ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য খাতের বর্ধিত বাজেট থেকে একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বরাদ্দের দাবি জানিয়েছেন বক্তারা।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার মালা বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে সংঘটিত হয়, অথচ স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ এই খাতে বরাদ্দ দেওয়া হয়। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. রিয়াদ আরেফিন জানান, ২০২৬-২৭ অর্থবছরের বর্ধিত বাজেট থেকে অগ্রাধিকার ভিত্তিতে এই খাতে ব্যয় বাড়ালে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব। অসংক্রামক রোগ প্রতিরোধে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জিএইচএআই বাংলাদেশের কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস অসংক্রামক রোগের সামগ্রিক ঝুঁকি হ্রাসে দীর্ঘমেয়াদী ও টেকসই অর্থায়নের ওপর জোর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অর্থায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে উপস্থাপনা প্রদান করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

















