জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিগুলো সই হয়। এর আওতায় বাংলাদেশের অর্থনৈতিক খাতে সহায়তা দেওয়ার পাশাপাশি কৃষি, বনায়ন ও মৎস্য খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে আলাদা আরেকটি সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ।
উপকূল নিরাপত্তায় বাংলাদেশকে ১৩ দশমিক ৪৪ মিলিয়ন ডলার অনুদান দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে জাপান সরকার। সরকারি এসব চুক্তি ও সমঝোতার পাশাপাশি বেসরকারি পর্যায়েও উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার রাতে জাপানে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দীর্ঘদিনের বন্ধুপ্রতিম সম্পর্কের ভিত্তিতে দুই দেশের প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের উদ্দেশ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বর্তমানে জাপানে অবস্থান করছেন।

















