যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তার কাছে প্রচুর তথ্য রয়েছে। প্রয়োজনে তিনি তাদের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখেন বলেও মন্তব্য করেছেন। সম্প্রতি নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। শুক্রবার দ্য হিল-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, অতীতে সুযোগ থাকলেও তিনি এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি বলেন, হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তার অনেক কিছু করার সুযোগ ছিল এবং বিল ক্লিনটনের ক্ষেত্রেও একই পরিস্থিতি ছিল। যদিও বিল ক্লিনটনের প্রতি ব্যক্তিগত ভালোলাগার কথা জানান তিনি। তবে বারাক ওবামার ক্ষেত্রে তিনি বলেন, ওবামার বিরুদ্ধেও বড় ধরনের ব্যবস্থা গ্রহণের যথেষ্ট অবকাশ রয়েছে যা এখনো তিনি করতে পারেন।
ট্রাম্পের কাছে ‘বড় ধরনের পদক্ষেপ’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে জানতে চাওয়া হলে তিনি জানান, এর মাধ্যমে তিনি ফৌজদারি ব্যবস্থা নেওয়া অথবা সংশ্লিষ্টদের সুনাম ক্ষুণ্ন করার বিষয়টি বুঝিয়েছেন। তবে এই মার্কিন নেতারা ঠিক কোন অপরাধের সঙ্গে জড়িত বা কী ধরনের নথিপত্র তার কাছে রয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি প্রকাশ করেননি।
বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন যে, এ ধরনের কোনো উদ্যোগ নিলে তাকে পুনরায় অভিশংসন বা ইমপিচমেন্টের মুখোমুখি হতে হতে পারে। এমন মন্তব্য করার পরপরই তিনি আলোচনার মোড় ঘুরিয়ে ফেলেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলেননি। এরপর তিনি বলেন যে, এমন কিছু করতে গেলে তিনি আবারও অভিশংসনের (ইমপিচমেন্ট) মুখে পড়তে পারেন—এই কথা বলেই তিনি আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করে ফেলেন।

















