ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এমন অবস্থানের ঠিক বিপরীতে দাঁড়িয়েই নিজের এই অনীহার কথা জানালেন ভ্যান্স।
এয়ার ফোর্স টুতে সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তিনি কেবল মার্কিন প্রার্থীদেরই সমর্থন করেন এবং তার সম্পূর্ণ মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে। তিনি স্পষ্ট করেছেন, ইসরাইলের রাজনীতির বিষয়ে তিনি কোনো পক্ষ নিতে চান না। ভ্যান্স বলেন, আমি নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই, কারণ আমি ইসরাইলের এই নির্বাচনে জড়াতে আগ্রহী নই।
এর আগে চলতি বছরের শুরুর দিকে হাঙ্গেরির নির্বাচনে ভিক্টর অরবানকে সমর্থন জানিয়ে বুদাপেস্ট সফর করেছিলেন ভ্যান্স, যদিও সেই নির্বাচনে অরবান হেরে যান। অন্যদিকে, ট্রাম্প সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে না জড়ানোর কথা বললেও শনিবার উল্টো অবস্থান নিয়ে নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন জানান।
এদিকে, ইসরাইলি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক অঘোষিত সফরে ইসরাইল ভ্রমণ করেছেন। বিভিন্ন সূত্র বলছে, সোমবার সন্ধ্যায় তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

















