ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কাতার সফরকে কেন্দ্র করে দোহার লুসাইল প্রাসাদে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করেছেন কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি। এই অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গী উচ্চপদস্থ প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে আমিরের সহধর্মিণী হার হাইনেস শেখা জওয়াহের বিনতে হামাদ বিন সুহাইম আল থানি উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে কাতারের আমির দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত অংশীদারিত্বকে আরও বেগবান করবে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে।
উত্তরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। একই সঙ্গে প্রযুক্তি, জ্বালানি ও শিল্প খাতে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ম্যাক্রোঁ। এছাড়া ভবিষ্যৎমুখী সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ বিনিয়োগের লক্ষ্যে ‘ওয়ান প্ল্যানেট’ সাভরেন ওয়েলথ ফান্ডস উদ্যোগের আওতায় কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল থানি, সাবেক প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি, শেখ জসিম বিন খলিফা আল থানি এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি উপস্থিত ছিলেন। এছাড়াও শূরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমসহ কাতারের রাজপরিবারের সদস্য, সরকারের মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের শীর্ষ নেতৃবৃন্দ নৈশভোজে অংশ নেন।

















