ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ঘোষণায় জানিয়েছেন, সৌদি আরবের বেশিরভাগ আকাশসীমা ও বিমানবন্দর এখন আর নিরাপদ নয়। আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থাকে এই এলাকাগুলো এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে। তবে পবিত্র নগরী মক্কা ও মদিনার আকাশসীমাকে এই সতর্কতার আওতামুক্ত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় ইয়াহিয়া সারি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, বিগত ১২ বছর ধরে ইয়েমেনে সৌদি আরব যে ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে, তার ভয়াবহতা জোটের পক্ষ থেকে করা বর্ণনার চেয়ে অনেক বেশি। ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান এবং সৌদি আরবে গোষ্ঠীটির হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলনের পর ইয়াহিয়া সারি এ বক্তব্য দেন।

















