সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপের ফলে বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে মোট ১১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল অথবা স্থগিত করার ঘোষণা এসেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন এসব ফ্লাইটের ১৮ হাজার ৩৬২ জন যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৫২টি সরাসরি এবং ৬৬টি ট্রানজিট রুট বলে জানানো হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৩টি, রিয়াদ এয়ারের ১০টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের তালিকায় ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
হুতি বিদ্রোহীদের হামলার জেরে সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইটগুলো বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এ কারণে সৌদি আরবগামী যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, তারা রিয়াদের ফ্লাইটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে এবং দাম্মামগামী ফ্লাইট ২০ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। তবে ২১ অক্টোবর থেকে পুনরায় দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে মদিনা রুটে বড় উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

















