আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদক অর্জন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার রোকসানা আক্তার রুজি। দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি এ স্বর্ণপদক গ্রহণ করেন। তার এই অর্জনে কলাপাড়ার সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রোকসানা আক্তার রুজি বলেন, এই পদক তার জীবনের অন্যতম গৌরবময় ও স্মরণীয় একটি অর্জন। দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কাজ ও মানুষের বিপদে পাশে থাকার নিরন্তর প্রচেষ্টার ফসল হিসেবেই তিনি একে দেখছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, রোকসানার এই স্বীকৃতি দুর্যোগ মোকাবিলায় মাঠপর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কাজে অন্যদের আরও বেশি অনুপ্রাণিত করবে।













