মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার। বুধবার দোহায় সফররত জার্মানির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী গেজা আন্দ্রেয়াস ফন গেয়ারের সঙ্গে বৈঠকে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক পর্যায়ে উত্তেজনা প্রশমন এবং কূটনীতির পথ সুগম করার বিষয়ে দুই পক্ষ বিশদ আলোচনা করেছে। আলোচনার মূল কেন্দ্রে ছিল সংঘাত নিরসন ও পারস্পরিক সমন্বয়ের কৌশল।
এছাড়া বৈঠকে অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। শান্তি বজায় রাখতে উভয় দেশই কার্যকর কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে বলে জানা গেছে।

















