ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা প্রধান দীপকে আটক করেছে পুলিশ। আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ বা ‘পতাকা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সেই কর্মসূচিতে অংশ নিতে বাসা থেকে বের হওয়ার আগেই তাকে আটক করা হয়।
ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেল ৫টায় সেন্ট্রাল পার্কে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই দিল্লির বিশাল পুলিশ বাহিনী দীপকের বাসভবন ঘেরাও করে। আইনশৃঙ্খলা বাহিনীর আপত্তির কারণে শেষ পর্যন্ত তিনি ওই কর্মসূচিতে যোগ দিতে পারেননি। জানা গেছে, এর আগে পুলিশ তাকে এই কর্মসূচি বাতিল করার জন্য আনুষ্ঠানিক নোটিশও পাঠিয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে দীপককে কোন নির্দিষ্ট আইনে আটক করা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা এই বিষয়ে পুলিশের চূড়ান্ত অবস্থান কী—সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

















