নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে কাতার ও মিসর। এই লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের শেষ পর্যায়ে অপরাধ দমন এবং নিরাপত্তা ইস্যু যৌথভাবে মোকাবিলার লক্ষ্যে উভয় দেশ একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

















