সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত সীমান্ত এলাকা আবেয়ির আমিয়েত বাজারে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার চালানো এই হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। হামলায় এলাকাটির একটি জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।
আবেয়ি প্রশাসনের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ইয়োহান্না আকল এনগোর জানিয়েছেন, সুদানের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানিয়ে সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। অন্যদিকে, সুদানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, আমিয়েত বাজার ব্যবহার করে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য জ্বালানি চোরাচালান করা হচ্ছিল। ওই কর্মকর্তার ভাষ্যমতে, সেনাবাহিনী ট্যাংকারগুলো লক্ষ্য করেই অভিযান চালায় এবং যারা নিহত হয়েছে তারা আরএসএফ সদস্য।
ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলোতে বহু দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তেলসমৃদ্ধ এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিশেষ করে ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আবেয়ি অঞ্চলে অস্থিরতা ও সংঘাত আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে অঞ্চলটিতে সংঘাত আরও বেড়েছে।

















