সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার হুতি বিদ্রোহীদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় আহত আটজনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বাংলাদেশ গভীর সমবেদনা প্রকাশ করছে এবং সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধ করে কূটনীতির মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
উল্লেখ্য যে, চলতি মাসের শুরুতেও সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি ছিলেন।

















