দেশের সব ইউনিয়ন পরিষদ পুনর্গঠন এবং বিভক্তকরণের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে সরকার। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনকালীন প্রশাসনিক নানা প্রস্তুতি নির্বিঘ্ন রাখা এবং সীমানা সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি পাঠিয়ে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশ জারি করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে রবিবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনাপত্র প্রকাশ করা হয়। পত্রটি বাস্তবায়নের নির্দেশনা দিয়ে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর পাশাপাশি অনুলিপি দেওয়া হয়েছে সব বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)।
জারি করা নির্দেশনায় উল্লেখ রয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারার ক্ষমতাবলে পরিষদ বিভক্তকরণের প্রচলিত নীতিমালা এবং পুনর্গঠন বিষয়ক সব কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে এই স্থগিতাদেশ কঠোরভাবে কার্যকর রাখা হবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ নীতিমালা স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত স্মারকের আওতায় যেসব প্রশাসনিক কাজ এতদিন পরিচালিত হচ্ছিল, তার সবই স্থগিত থাকছে। প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও নির্বাচনী পরিবেশ বজায় রাখতেই এ পদক্ষেপ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

















