এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক যোগাযোগ আরও নিবিড় করতে এবং বাণিজ্য ও বিনিয়োগের প্রাতিষ্ঠানিক বাধাগুলো দূর করতে ঐকমত্যে পৌঁছেছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতারা। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে।
চীনের শেনজেনে অনুষ্ঠিত দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার এই বিষয়ে একটি সমন্বিত ঘোষণা প্রকাশ করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সমৃদ্ধির জন্য একসঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলা’, যা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা দিয়েছে।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে গত বুধবার শুরু হওয়া এপেকের এই ৩৩তম সম্মেলনে আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে সদস্য দেশগুলোর সমন্বিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট’ বা যোগাযোগ-সংক্রান্ত রূপরেখা প্রকাশ করেছে। এই নথিতে বিদ্যমান এপেক কাঠামো ও উদ্যোগগুলো কাজে লাগিয়ে সদস্য অর্থনীতিগুলোর পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানানো হয়েছে।
আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী হলে পণ্য, সেবা, পুঁজি ও মানুষের চলাচল অনেক বেশি সহজ হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে একটি উন্মুক্ত, গতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন সহজতর হবে। পাশাপাশি এপেকের দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা হিসেবে ‘পুত্রাজায়া ভিশন ২০৪০’-এর প্রতি নিজেদের অটল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন নেতারা।
যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করার পরিকল্পনার অংশ হিসেবে স্থল, সমুদ্র ও আকাশপথের অবকাঠামো আরও আধুনিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পণ্য ও মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নিরাপদ সামুদ্রিক ও বিমান পরিবহন ব্যবস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন নেতারা। সেই সঙ্গে পরিবহন খাতে উদ্ভাবন ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর বিষয়েও তারা একমত হয়েছেন, যার মধ্যে স্বয়ংক্রিয় ও চালকবিহীন প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
সম্মেলন শেষে ‘২০২৬ এপেক লিডার্স শেনজেন আউটলুক’ শীর্ষক পৃথক বিবৃতিতে বর্তমান বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর আলোকপাত করা হয়েছে। নেতারা মনে করেন, একদিকে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে বৈশ্বিক পর্যায়ে চ্যালেঞ্জও বাড়ছে। এই বাস্তবতায় আঞ্চলিক অর্থনীতির প্রবৃদ্ধি, স্থিতিশীলতা ও গতিশীলতা ধরে রাখতে প্রযুক্তিগত অগ্রগতির কোনো বিকল্প নেই বলে তাঁরা মত প্রকাশ করেন। এতে বলা হয়েছে, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। একই সঙ্গে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, উৎপাদনশীলতা বাড়ানো এবং সবার কল্যাণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অঙ্গীকার করেছেন তাঁরা।
বিবৃতিতে এপেককে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনৈতিক সহযোগিতা ফোরাম হিসেবে উল্লেখ করে এর প্রতি সদস্য রাষ্ট্রগুলোর দৃঢ় অঙ্গীকারের বিষয়টি পুনরায় তুলে ধরা হয়েছে। সংস্থাটির স্বেচ্ছামূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও ঐকমত্যের ভিত্তিতে কাজ করার ঐতিহ্য বহাল থাকবে। সেই সাথে এপেককে আরও আধুনিক, কার্যকর ও দক্ষ একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেক জোট চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামসহ মোট ২১টি সদস্য অর্থনীতি নিয়ে গঠিত। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০ শতাংশের বেশি এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে এই প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থাটি। সূত্র: আনাদোলু এজেন্সি ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

















