পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্পে এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার মূল অভিযুক্ত ৬০ বছর বয়সী আবু বক্কর ওই আশ্রয়ণ প্রকল্পেরই একজন বাসিন্দা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে এবং বর্তমানে এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, তিনি বহরপুর জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। বুধবার সকাল আটটার দিকে তিনি কর্মস্থলে চলে যান। বাড়িতে একা থাকা ১২ বছর বয়সী মেয়েটি সকাল এগারোটার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। অভিযোগ অনুযায়ী, এসময় আবু বক্কর ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন এবং তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নিপীড়ন চালান। এ সময় তাঁর ১২ বছর বয়সী মেয়ে বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিল।
ঘটনার সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কাজ শেষে বাড়িতে ফিরে মা মেয়ের কাছ থেকে এবং স্থানীয়দের মাধ্যমে পুরো ঘটনার বিবরণ শোনেন। অভিযোগ আছে যে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় শিশুটিকে একা পেয়ে কুরুচিপূর্ণ কথা বলে উত্ত্যক্ত করতেন।
ভুক্তভোগী পরিবারটি আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করার পর ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিশুটির মা অভিযোগটি দিয়েছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

















