চট্টগ্রাম ও নাজিরহাট পর্যন্ত বিদ্যমান রেলপথকে সম্প্রসারিত করে ফটিকছড়ি হয়ে খাগড়াছড়ির রামগড় পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। গত ১৬ নভেম্বর তিনি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি ডিও লেটার (আধাসরকারি পত্র) পাঠিয়েছেন। চিঠিতে তিনি প্রস্তাবিত রেলপথটির সম্ভাব্যতা যাচাই এবং বিস্তারিত প্রকল্প প্রস্তাব বা ডিপিপি প্রণয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন। ডিও লেটারে বৃহত্তর জনস্বার্থ, জাতীয় যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা ও ডিপিপি প্রণ।
ওয়াদুদ ভূঁইয়া উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী করতে এই প্রকল্পটি অত্যন্ত সময়োপযোগী। বর্তমানে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট পর্যন্ত রেললাইন রয়েছে। এই অংশটি রামগড় পর্যন্ত বর্ধিত করা হলে হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, লক্ষ্মীছড়ি, মহালছড়ি ও রামগড় উপজেলার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আমূল বদলে যাবে। এর ফলে স্থানীয় কৃষিপণ্য ও উৎপাদিত মালামাল পরিবহন আরও সহজ ও সাশ্রয়ী হওয়ার সুযোগ তৈরি হবে।
প্রস্তাবিত এই রেলপথ বাস্তবায়িত হলে রামগড় স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করেন ওয়াদুদ ভূঁইয়া। এর ফলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের পথ সুগম হবে এবং পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
রেলপথটির বাস্তবায়নযোগ্যতা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ সমীক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন সংসদ সদস্য। সমীক্ষায় পাহাড়ি ভূপ্রকৃতি, বিকল্প রুট, পরিবেশগত প্রভাব, ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা, নির্মাণ ব্যয় এবং যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচাই করার কথা বলেছেন তিনি। সমীক্ষার ফলাফল ইতিবাচক হলে পরবর্তীতে ডিপিপি প্রণয়ন ও প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া সহজতর হবে।
এদিকে স্থানীয় পর্যায়ে এই প্রস্তাব নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ফটিকছড়ি ও খাগড়াছড়ির বাসিন্দারা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়কপথের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। বিশেষ করে রামগড় স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরার সঙ্গে বাণিজ্য আরও গতিশীল হবে এবং পর্যটকরা সাজেক, আলুটিলা ও রিছাং ঝরনার মতো পর্যটন কেন্দ্রগুলোতে সহজে যাতায়াত করতে পারবেন। স্থানীয়দের প্রত্যাশা, সরকার দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা শুরুর মাধ্যমে এই রেলপথ নির্মাণের পথ প্রশস্ত করবে।

















