কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে মোটরসাইকেল ও কুকুরের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই তরুণ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাতারবাড়ী-আফজলিয়া সড়কের রাঙাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কুকুরটিরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন এবং একই এলাকার আবদুস ছালামের ছেলে মোহাম্মদ ইকবাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে নিহত ইকবাল ও শাহীন তাঁদের বন্ধু আবদুল কাইয়ুমকে নিয়ে একটি মোটরসাইকেলে করে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র ও পার্শ্ববর্তী সমুদ্রবন্দর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। রাত ১০টার দিকে এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে রাঙাখালী এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে হঠাৎ একটি কুকুরের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে গিয়ে তিন আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই ইকবাল ও শাহীনের মৃত্যু নিশ্চিত হয়। গুরুতর আহত আবদুল কাইয়ুমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে নিহত দুই তরুণের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। তিনি বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

















