চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সেবা চলছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। মৃতরা হলেন জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফেরদৌসী খাতুনকে মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।
শিশু মহব্বত আলীকে মঙ্গলবার রাত ১১টার দিকে তীব্র জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে পরীক্ষা করার আগেই ভোররাতে তার মৃত্যু হওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে ভর্তি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

















