সংযুক্ত আরব আমিরাতে রাইড শেয়ারিং অ্যাপে ডেলিভারির কাজ করার সময় বাইকের পাশে বসে গভীর মনোযোগে কুরআন তিলাওয়াত করছেন উগান্ডার প্রবাসী মনসুর কাতাবালওয়া। তার এই তিলাওয়াতের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন। তবে মনসুরের কাছে এটি কেবল কোনো ভিডিওতে দৃশ্যমান হওয়ার বিষয় নয়, বরং পরিবার থেকে দূরে প্রবাস জীবনে ঈমানি শক্তিতে টিকে থাকার এবং প্রয়াত স্বজনদের প্রতি ভালোবাসার এক অনন্য প্রচেষ্টা।
ভিডিও ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই মনসুর নিয়মিত এমন চর্চা করে আসছেন। তিন বছর আগে খুব অল্প সময়ের ব্যবধানে তিনি তার বাবা-মা এবং ভাইকে হারান। প্রিয়জনদের হারানোর সেই শোক তাকে ধর্মের দিকে আরও ধাবিত করে। সেই সময় থেকেই তিনি পুরো কুরআন মুখস্থ (হিফজ) সম্পন্ন করেন। দেশে থাকা স্ত্রী ও দুই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর মনসুর প্রবাসে নিজের একাকীত্ব কাটাতে কুরআনকে সঙ্গী করে নিয়েছেন।
কর্মব্যস্ততার মাঝেও কুরআনের সাথে তার এই সংযোগ অটুট। ডেলিভারির কাজে দিনের বেশিরভাগ সময় তাকে রাস্তায় থাকতে হয়, তখন তিনি মোবাইলে কুরআন তিলাওয়াত শোনেন যাতে হিফজ করা অংশগুলো ভুলে না যান। কর্মবিরতির সুযোগ পেলেই তিনি সাথে রাখা পবিত্র কুরআন শরীফ খুলে তিলাওয়াত শুরু করেন। এটি তাকে কাজের মাঝে প্রশান্তি দেয় এবং আল্লাহর সান্নিধ্য অনুভব করতে সাহায্য করে বলে জানান তিনি।
মনসুর আবেগাপ্লুত হয়ে বলেন, কাজের ফাঁকে কুরআন তিলাওয়াত করলে আমি মানসিকভাবে মনোযোগী থাকতে পারি এবং আল্লাহর সান্নিধ্য অনুভব করি। তিনি আরও বলেন, মূলত আমার প্রয়াত মা-বাবার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস লাভের প্রার্থনার নিয়তেই আমি কুরআন পাঠ ও নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছি। পরিবারের হারানো সদস্যদের প্রতি এমন গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ মনসুরের এই মানবিক কাজের মাধ্যমে আবারও সবার সামনে উঠে এসেছে।















