মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু এলাকায় আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। এই বিপর্যয়ের ফলে সচিবালয় এবং বাংলাদেশ ব্যাংকসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে এই বিপর্যয়ের কোনো কারণ জানা যায়নি।
পাওয়ার গ্রিড পিএলসির তথ্য অনুযায়ী, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ মগবাজার, বনশ্রী এবং খিলগাঁও এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রামের একটি অংশেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে থাকা জাতীয় গ্রিডের অন্যান্য অংশ, বিশেষ করে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বিদ্যুৎ সরবরাহ সচল করতে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন এবং ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। কারিগরি ত্রুটির উৎস এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

















