দ্বিপাক্ষিক নিরাপত্তা সম্পর্ক আরও সুদৃঢ় করতে পাকিস্তান সফর করেছেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লাখউইয়া’-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানি। বৃহস্পতিবার এই সফরে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে পৃথক ও বিস্তারিত বৈঠক করেন।
সফরকালে কাতার ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লাখউইয়া’ এবং পাকিস্তানের ‘ফেডারেল কনস্ট্যাবুলারি’-র মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে আলোচনায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, দুই দেশের পক্ষ থেকেই সন্ত্রাসবাদ দমন, নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া কাতারের সাথে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ফিল্ড মার্শাল মুনির।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, এই সফর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা আরও বেগবান করবে। প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের প্রতি কাতারি নেতৃত্বের অটুট সমর্থনের প্রশংসা করেন। বিশেষ করে পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাতার থেকে নিরবচ্ছিন্ন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ অব্যাহত রাখায় তিনি কাতারি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















