যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সুরক্ষা ও ভিসা জালিয়াতি ঠেকাতে মাইক্রোসফট, অ্যাডোবিসহ শীর্ষ আটটি তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্মীদের গ্রিন কার্ডের আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং নিশ্চিত করেছেন যে, কোনো ধরনের নতুন কিংবা বর্তমানে বিবেচনাধীন স্থায়ী লেবার সার্টিফিকেশন বা পিইআরএম আবেদন গ্রহণ করা হবে না। এই তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কগনিজেন্ট, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো, এইচসিএল টেকনোলজিস এবং ক্যাপজেমিনি। অভিবাসন তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ অর্থবছরে আমাজন, টিসিএস, ইনফোসিস, অ্যাপল ও মাইক্রোসফট ছিল এইচ-ওয়ানবি ভিসার জন্য শীর্ষ আবেদনকারী।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পদক্ষেপের পেছনে মাইক্রোসফটের বিরুদ্ধে ভিসা ব্যবস্থার ব্যাপক অপব্যবহারের অভিযোগ তোলেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি গত বছর ছয় হাজার আমেরিকান কর্মীকে ছাঁটাই করলেও একই সময়ে ছয় হাজার ৩০০ এইচ-ওয়ানবি ভিসা এবং প্রায় তিন হাজার কর্মীর গ্রিন কার্ড সুবিধা নিশ্চিত করেছে। এই বিষয়ের প্রেক্ষিতে মাইক্রোসফট এক বিবৃতিতে দাবি করেছে, তাদের এইচ-ওয়ানবি আবেদনের ৮০ শতাংশই ছিল বিদ্যমান কর্মীদের মেয়াদ বাড়ানো বা স্ট্যাটাস পরিবর্তনের জন্য, নতুন কর্মী নিয়োগের উদ্দেশ্যে নয়। পাশাপাশি স্থানীয় ও বিদেশি কর্মীদের সমান পারিশ্রমিক দেয়ার বিষয়টিও তারা পুনর্ব্যক্ত করেছে। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি গত বছর ৬ হাজার আমেরিকান কর্মীকে ছাঁটাই করার বিপরীতে ৬ হাজার ৩০০ এইচ-ওয়ানবি (ঐ-১ই) ভিসা এবং প্রায় ৩ হাজার কর্মীর গ্রিন কার্ডের সুবিধা নিয়েছে।
গ্রিন কার্ড স্থগিতের পাশাপাশি দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকেও নজর দিয়েছে প্রশাসন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, এক্সচেঞ্জ-ভিজিটর ভিসার অপব্যবহারের অভিযোগে হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড, ব্রাউন ও এমআইটিসহ মোট নয়টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
সরকারের এই কঠোর সিদ্ধান্তের ফলে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষক কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। তাদের মতে, এমন পরিস্থিতির সৃষ্টি হলে তা মার্কিন অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুরো প্রক্রিয়াটি মূলত স্থানীয় কর্মীদের কর্মসংস্থান রক্ষা ও অভিবাসন খাতে জালিয়াতি বন্ধের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

















