রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার সকালে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং এসএমই খাতের উন্নয়ন ও ফাউন্ডেশনের প্রেক্ষাপট নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। পরবর্তীতে সেই টাস্কফোর্সের সুপারিশক্রমে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল গ্রহণ করা হয় এবং এর ধারাবাহিকতায় ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই, গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত জরুরি। এবারের এই মেলায় সারা দেশের ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করছেন। ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।

















