দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে খাতটি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর এক জরুরি জরিপ অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় প্রায় ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির পরিমাণ এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যমান অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। জরিপে উঠে এসেছে যে, এই সময়ে কারখানাগুলোকে বাধ্য হয়ে অন্তত একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে।
উত্পাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্রেতাদের আস্থা ধরে রাখতে কারখানাগুলো আকাশপথে বাড়তি খরচে পণ্য পাঠানো, বড় ধরনের মূল্যছাড় দেওয়া এবং অনেক ক্ষেত্রে অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী, এই ১৮ দিনে ক্রেতারা নিশ্চিত করা প্রায় ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরযোগ্যতা ও ভাবমূর্তির ওপর এই স্থানান্তর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিজিএমইএ জানিয়েছে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান সামগ্রিক ক্ষতির একটি আংশিক চিত্র মাত্র। প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি, কিন্তু জরুরি পরিস্থিতির কারণে জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশগ্রহণ করতে পেরেছে। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত ধরা হলেও শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা এখনো চলমান থাকায় আর্থিক ক্ষতির পাল্লা আরও ভারী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জরিপের হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকা সুরক্ষায় এই সংকট থেকে দ্রুত উত্তরণ জরুরি। বিজিএমইএ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। শিল্পের উৎপাদন ব্যবস্থা সচল রাখা এবং বর্তমান বিপর্যয় কাটিয়ে উঠতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে পোশাকশিল্প মালিকদের এই সংগঠন।

















