গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে টানা ভারী বর্ষণ ও প্রবল ঝড়ের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম কাথিমেরিনির তথ্যমতে, ইরাক্লিও, খানিয়া ও রেথিমনো অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতে বিভিন্ন স্থানে নদী ও খালের পানি উপচে পড়ায় সড়কগুলোতে ধ্বংসাবশেষের স্তূপ জমেছে এবং অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এই প্রতিকূল পরিস্থিতির প্রেক্ষাপটে কর্তৃপক্ষ বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এবং ফেরি চলাচলও বাতিল করা হয়েছে। এতে ব্যাপক বন্যা, সড়কে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়া ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।
প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে পশ্চিম ক্রিটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামারিয়া গর্জে আটকা পড়েছেন আটজন কর্মী। তাদের মধ্যে গ্রিসের প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংস্থার ছয়জন কর্মী এবং দুইজন বনরক্ষী রয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর তারা ওই এলাকায় প্রবেশ করেছিলেন। বর্তমানে তারা প্রবেশপথ থেকে প্রায় ৪ দশমিক ৩ মাইল দূরে আটকা পড়ে আছেন, কারণ বন্যার পানিতে যাতায়াতের পথ তলিয়ে গেছে। বন্যার পানিতে হাঁটার পথ তলিয়ে যাওয়ায় তারা সেখান থেকে বের হতে পারছেন না। কিন্তু আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় এখনো বের হতে পারেননি।
এদিকে মাইলোপোটামোসের মেয়র জিওর্গোস ক্লাদোস জানিয়েছেন, নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জোনিয়ানা গ্রামের নদীতীরবর্তী বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দাফনেদেস বসতির বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি রেখেছে।

















