মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে মো. ফাহাদ হোসেন (২৭) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার পাহাড়ধসের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার দ্বিতীয় দিন রোববার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়। অভিযানে মালয়েশিয়ার ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী, তিনটি প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকার কুকুর এবং একটি খননকারী যন্ত্র বা এক্সকাভেটর অংশ নেয়। নিহত ওই যুবকের নাম মো. ফাহাদ হোসেন (২৭)। রোববার দুপুরে মালয়েশীয় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন ইউনিটের একটি প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকার কুকুরের সহায়তায় মাটির স্তূপের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানিয়েছেন, রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে তল্লাশি দল মাটির গভীর থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এই উদ্ধারকাজে ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি প্রশিক্ষিত কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ধার শেষে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।















