সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এবার লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার পদায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারি করে ১৮ জনকে ঢাকার বিভিন্ন স্টেশনে পদায়নের জন্য নির্বাচন করা হয়েছে। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এই নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সারা দেশে ‘এ ক্যাটাগরি’র সাব-রেজিস্ট্রার রয়েছেন ১৩১ জন।
লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী সাত দিনের মধ্যেই এই ১৮ জন কর্মকর্তার পদায়ন আদেশ জারি করা হবে। তিনি বলেন, সাধারণত যেসব এলাকা ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে পরিচিত এবং যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানের সিন্ডিকেট ভাঙতেই লটারি পদ্ধতি চালু করা হয়েছে। সাব-রেজিস্ট্রারদের পদায়ন ঘিরে থাকা নানা নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে ঢাকাকেই প্রথম ধাপ হিসেবে বেছে নেওয়া হয়েছে। নির্বাচিত কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতা যাচাইয়ের জন্য সাক্ষাৎকারও নেওয়া হবে এবং তাদের কাজের ওপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ ঘণ্টা কঠোর মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। তাদের সাক্ষাৎকার নিয়ে দক্ষতা ও কাজের চাপ সহ্য করার ক্ষমতা পর্যবেক্ষণ করে উপযুক্ত স্টেশনে পদায়ন বণ্টন করা হবে। তিনি বলেন, ‘পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই আমরা এই লটারি পদ্ধতির উদ্যোগ নিয়েছি।’। তিনি আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে। সেই নেতিবাচক জায়গা থেকে উত্তরণের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে।
মন্ত্রী আরও বলেন, শুধু ঢাকা নয়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনেও স্বচ্ছতা আনতে এই লটারি পদ্ধতি অনুসরণ করা হবে। বর্তমানে সারাদেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত থাকলেও প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। সেই শূন্যতা এবং বদলি প্রক্রিয়ায় অনিয়ম রোধে সরকারের এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম ও মো. খাদেম উল কায়েস। এছাড়া নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

















