অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭২ রানে পরাজয় বরণ করতে হয়েছে টাইগ্রেসদের। প্রথমে ব্যাট করে কুইন্সল্যান্ড ৩৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৯ রান, তবে টাইগাররা নির্ধারিত লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১৯৬ রান তুলে থেমে যায়।
কুইন্সল্যান্ডের বিশাল সংগ্রহের মূল ভিত্তি ছিল শার্লি নট ও গ্রেস হ্যারিসের ব্যাটিং। নট ৬৪ বলে ৯৪ রান এবং হ্যারিস ৫০ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। এছাড়া লরেন উইনফিল্ড-হিল ৩৭ বলে ৪৮ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে হাবিবা ইসলাম পিংকি ৭ ওভারে ৪৪ রান খরচ করে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়াও মারুফা আক্তার ২টি এবং নাহিদা আক্তার ও রিতু মনি একটি করে উইকেট পান। ৭ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
রান তাড়ায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে। দলের হয়ে শারমিন আক্তার সুপ্তা সর্বোচ্চ ৬৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। তার ৬৭ বলের লড়াই ব্যর্থ হয় মূলত অন্য ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে। সোবহানা মোস্তারি ৫৪ বলে ৪৯ এবং শারমিন সুলতানা ৪০ বলে ২৮ রান করলেও জয় থেকে দূরেই ছিল দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
কুইন্সল্যান্ডের বোলার নিকোলা হ্যানকক ৫১ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংস মেরুদণ্ড ভেঙে দেন। এছাড়া লিলি ব্যাসিংথওয়াইট, ফিলিপা সুসি এবং গ্রেস হ্যারিস প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

















