বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর কামারুম মুনিরা জানান, তিনি পেশাদারিত্বের সাথে নতুন এ দায়িত্ব পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
২৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা কামারুম মুনিরা পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। বিশেষ করে মাঠপর্যায়ের পুলিশিংয়ের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে সিআইডি থেকে তাকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়, যেখানে তিনি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি হিসেবেও দায়িত্ব সামলেছেন।
পেশাগত জীবনের বাইরেও কামারুম মুনিরা পুলিশ ক্যাডারের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। গত বছরের জুলাই মাসে ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি গঠনের জন্য গঠিত নির্বাচন কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। এদিকে, পুলিশের বিদায়ী এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে নতুন পদোয়ন হিসেবে পুলিশ সদরদপ্তরের আইসিটি শাখায় বদলি করা হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠনের জন্য গঠিত নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

















