চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার রাত একটার দিকে মুসকানকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। তবে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটলে সেখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এদিকে জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র জেলা হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাসেবা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

















