এলপিজি গ্যাসের দাম এবং ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর নতুন প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। শুনানিতে এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশক বা ডিলাররা তিন গুণ বাড়ানোর দাবি জানিয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল। ওই সময়ে প্রতি কেজি এলপিজির মূল্য ১৫৩ টাকা শূন্য ৬ পয়সা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা শূন্য ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছিল। ওই সিদ্ধান্তে সাড়ে ৫ থেকে ৪৫ কেজি ওজনের সব ধরনের সিলিন্ডারের দাম আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়।
গত ৪ অক্টোবরের তথ্য অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৮৪২ টাকা, ১২ কেজি ১ হাজার ৮৩৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজি ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজি ওজনের সিলিন্ডার ৩ হাজার ৬১ টাকায় বিক্রির নির্দেশনা ছিল।
তালিকায় থাকা বড় সিলিন্ডারগুলোর মধ্যে ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়। বর্তমান শুনানিতে এই দামের ওপর ভিত্তি করেই পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।
















