ভোলার লালমোহন উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই এলাকার ইউনুছ মাঝির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির ভেতরে নিজের অটোরিকশার ব্যাটারিতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
















