দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের ৭ জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর বাইরে যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আরও ৪ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এই বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন। তাদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও অন্যান্য সংবেদনশীল এলাকায় নজরদারি জোরদার করা এবং সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা।
নির্ধারিত জেলাগুলোর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগর এলাকায় ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তর থেকে একটি বিশেষ মনিটরিং সেল কাজ করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরাসরি ভিডিও চিত্র বিশ্লেষণের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ করে যাচ্ছেন।

















