পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ। মোহাম্মদ সেলিম হোসেন নামের ওই যুবকের বিরুদ্ধে ভারতের উত্তরবঙ্গের স্পর্শকাতর সামরিক বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ আনা হয়েছে। ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। প্রায় দুই সপ্তাহ আগে পর্যটন ভিসায় তিনি ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ সেলিম হোসেন।
পুলিশের প্রাথমিক সন্দেহের তালিকায় রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স)। সংশ্লিষ্টদের অভিযোগ, এই সংস্থার হয়ে কাজ করছিলেন সেলিম। স্পর্শকাতর স্থাপনাগুলোর তথ্য সংগ্রহ করাই ছিল তার মূল লক্ষ্য। পুলিশের দাবি, দার্জিলিংয়ের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট ছাড়াও ভারতীয় বিমানবাহিনীর বাগডোগরা ও হাসিমারা বিমানঘাঁটি ছিল সেলিমের নজরদারির আওতাভুক্ত। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিস্তারিত বা তদন্তের বর্তমান অবস্থা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

















