দেশ-বিদেশে ভ্রমণের আকর্ষণীয় অফার ও সুযোগ-সুবিধা নিয়ে রাজধানী ঢাকায় বসছে তিন দিনব্যাপী এশিয়ান পর্যটন মেলা (এটিএফ)। আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই মেলা শুরু হবে, যা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রবেশ কুপনের র্যাফল ড্রতে বিজয়ীদের জন্য থাকবে সৌজন্য বিমান টিকিট, দেশ-বিদেশে ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ও গিফট ভাউচার।
আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে মেলার বিস্তারিত তথ্য জানানো হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এই মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান এবং মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদার, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস ও সরকারি-বেসরকারি পর্যটন সংস্থার পাশাপাশি বেশ কয়েকটি দেশের দূতাবাস ও মিশন অংশ নেবে। আগামী ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণে এই মেলা বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। মেলার চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল জানান, এবার মেলায় হাওর, সুন্দরবন, নৌ ও অ্যাডভেঞ্চার পর্যটনের পাশাপাশি ইকো ও কমিউনিটি ট্যুরিজমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্টদের ব্যবসায়িক সংযোগ বাড়াতে ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরিতে সাহায্য করবে।
মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’। প্রতিদিন ব্যবসায়ীদের জন্য বিটুবি সেশন, সেমিনার, গন্তব্য পরিচিতি ও প্যানেল আলোচনার পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সংবাদ সম্মেলনে থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ ও মালয়েশিয়ার প্রতিনিধি, এভিয়েশন অ্যান্ড ট্রাভেল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ারসহ পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্পনসর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











