বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ প্রদান করেন। এর আগে সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আন্দোলন দমনে অর্থের জোগান, অস্ত্রের সরবরাহ, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্তমান অবস্থান এবং তাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তথ্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ জরুরি। এছাড়া মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং তাকে যারা আশ্রয় দিয়েছিলেন, তাদের সম্পর্কে নিশ্চিত হতেই রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ১৪ বছর বয়সী আব্দুল মোতালিব।
এই ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়। সাঈদ খোকন ওই মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

















