যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজের একটি চমৎকার সুযোগ তৈরি করেছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল)। প্রতিষ্ঠানের ম্যানহাটনের ব্লুমিংডেল শাখায় ‘আফটার স্কুল টিউটর’ পদে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা থাকা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার ও বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা প্রতি ঘণ্টায় ২২ ডলার বেতন পাবেন। সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার—এই চার দিন কাজ করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নির্ধারিত চার ঘণ্টার শিফটে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। এই কর্মঘণ্টার ভিত্তিতে একজন প্রার্থীর সাপ্তাহিক আয় হবে ৩৫২ ডলার এবং মাসিক আয় হবে ১ হাজার ৪০৮ ডলার। করের পূর্ববর্তী গড় মাসিক আয় আনুমানিক ১ হাজার ৫২৩ ডলার পর্যন্ত হতে পারে, তবে ছুটি ও কর্মসূচির বিরতি অনুযায়ী এই আয়ে কিছুটা তারতম্য হতে পারে।
আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্তাবলি হলো, সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুই বছর স্নাতক পর্যায়ে পড়াশোনা সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। একই সঙ্গে শিশু বা কিশোরদের নিয়ে কাজ করার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং সামাজিক বিজ্ঞানের মতো বিষয়গুলো পড়ানোর পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পেশাদার এই পদে কাজের জন্য কিছু বিশেষ দক্ষতা প্রয়োজন। ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন ও তাদের বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার ক্ষমতা থাকতে হবে। এছাড়া অভিভাবক, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পেশাদার আচরণ, ব্যস্ত পরিবেশে একসাথে একাধিক কাজ সামলানোর মানসিকতা এবং কম্পিউটার ব্যবহারে সাধারণ দক্ষতা (গুগল ও মাইক্রোসফট অফিস স্যুট) থাকা জরুরি। দ্বিতীয় ভাষায় দক্ষতার ক্ষেত্রে বাংলাসহ আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু জানা প্রার্থীদের বাড়তি সুবিধা দেওয়া হবে, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুযোগ। তবে নিয়োগের ক্ষেত্রে শুধু ভাষা জানাটাই যথেষ্ট নয়, বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য যোগ্যতা থাকা আবশ্যক।
নির্বাচিত টিউটরদের প্রধান দায়িত্ব হবে লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচি সফলভাবে পরিচালনা করা। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের স্বাগত জানানো, তাদের হোমওয়ার্ক ও শিক্ষামূলক কাজে সহায়তা করা এবং ব্যক্তিগত ও দলগতভাবে পড়াশোনায় গাইড করার দায়িত্ব তাদের পালন করতে হবে। এছাড়া অভিভাবকদের তথ্য দেওয়া, প্রশাসনিক হিসাব রাখা, শিক্ষার্থীদের পরিসংখ্যান সংগ্রহ এবং শিক্ষা উপকরণ বিতরণের মতো প্রশাসনিক দায়িত্বও তাদের ওপর বর্তাবে।
এই কর্মসূচিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত এবং আগামী ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলমান থাকবে। তবে স্কুল ছুটি, সরকারি ছুটি কিংবা নির্ধারিত কোনো বিরতির দিনগুলোতে কাজ থাকবে না। প্রয়োজন সাপেক্ষে কর্মীদের স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হবে এবং কর্মস্থল হিসেবে সরাসরি লাইব্রেরির শাখায় উপস্থিত থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে ‘NYPL After School Tutor – Bloomingdale Library’ পদটি খুঁজে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের আগে বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

















