তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনে ১০০টিরও বেশি দেশের নেতারা নগর অবকাঠামো শক্তিশালীকরণ এবং জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছেন। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বের শহরগুলোকে আরও সহনশীল করে তোলা। নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়ি ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলাই এখন গুরুত্বপূর্ণ।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এর প্রতি সমর্থন জানিয়েছে। এই চুক্তির লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমিয়ে আনা এবং ভবনে বিদ্যুতায়নের হার বাড়ানো। এছাড়া টেকসই আবাসন ব্যবস্থার উন্নয়নে বিশ্বের ছয়টি প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম গুরুত্বারোপ করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সরাসরি মানুষের বাসস্থানে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
শহরের বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়েছে। ‘ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্ম’-এর আওতায় ইতিমধ্যে ২০টি জেলায় বর্জ্য কমানো ও পুনর্ব্যবহারের কাজ শুরু হয়েছে, যা ভবিষ্যতে ১০০টি জেলায় সম্প্রসারিত করা হবে। এছাড়া বিজনেস ফোরামে তুরস্ক ও চীনের মধ্যে ১৫ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা তৈরি করা হবে। পর্যায়ক্রমে তা ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নেন। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করবে দুই দেশ।
অর্থায়নের ক্ষেত্রে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার এবং অন্যান্য পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে ১৯০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সুরক্ষায় গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে। কপ-৩১ আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন জানান, এই দ্বীপরাষ্ট্রগুলোর জন্য জলবায়ু পরিবর্তন অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে, তাই দ্রুত অর্থায়ন ও বাস্তবসম্মত পদক্ষেপের বিকল্প নেই। সম্মেলন শেষে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরা দেশগুলোকে তাদের প্রতিশ্রুত অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

















