ইসরাইলের ২৬তম নেসেটের প্রথম অধিবেশন মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার দিনই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোট। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের আমলে পাস হওয়া বিতর্কিত আইন ও সিদ্ধান্তগুলো বাতিলের লক্ষ্যে তার নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে একাধিক বিল জমা দেওয়া হয়েছে।
আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ যৌথভাবে এসব প্রস্তাব উত্থাপন করেছে। এই বিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তের জন্য রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগীয় সংস্কারের আওতায় পাস হওয়া বিভিন্ন আইন বাতিল।
প্রস্তাবিত বিলগুলোতে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন বাতিলের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি ইয়াশার দল পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি মামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সরকারি পদে নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে।
এসবের পাশাপাশি শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ এবং মৌলিক আইনে সমতার অধিকার নিশ্চিত করার মতো সামাজিক ইস্যুগুলোও বিরোধীদের এজেন্ডায় রয়েছে। এছাড়া এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
নেতানিয়াহুর সরকার বিচার বিভাগ সংস্কারের যে প্রক্রিয়া শুরু করেছিল, তার তীব্র সমালোচনা করে বিরোধী দলগুলো জানিয়েছে, এর ফলে গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের দাবি ছিল, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার রুখতেই এই সংস্কার প্রয়োজন। তবে বিতর্কিত এই আইনগুলোর বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, যার ফলে মন্ত্রীদের আইনি মতামত অগ্রাহ্য করার ক্ষমতা বাড়ত।
হামাসের হামলার ঘটনা তদন্তের বিষয়টি নিয়ে নেতানিয়াহু শুরু থেকেই অনাগ্রহ দেখিয়ে আসছেন। তার দাবি, স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, নিরাপত্তার চরম ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু এই কমিশন গঠনে বাধা দিচ্ছেন। ক্ষমতায় যাওয়ার আগেই এটি তাদের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।
উল্লেখ্য যে, ২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণা সংক্রান্ত একটি বিতর্কিত আইন পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেছিলেন। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছিল, নেতানিয়াহুকে ব্যক্তিগত সুবিধা প্রদানের উদ্দেশ্যেই আইনটি প্রণয়ন করা হয়েছিল।

















