সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। অগ্নিকাণ্ডের পর ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়লে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নিরাপত্তার স্বার্থে আধা ঘণ্টার জন্য মেট্রো স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিট থেকে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেছেন।
একই সময়ে ফার্মগেটের পাশাপাশি রাজধানীর অন্যান্য এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, উত্তরার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে ও পোস্তাগোলা ব্রিজের ওপর দুর্বৃত্তরা ককটেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায়। টিএসসি এলাকায় মেট্রো স্টেশনের নিচে ককটেল ভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে তলব করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, এই ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সদস্য ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। আটকদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

















