রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটানো হচ্ছে। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য জানান।
ঘটনাগুলোর বিষয়ে ডিএমপির কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি ঘটনার প্রতিটি দিক পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতিমধ্যে এসব নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এটি নিশ্চিত হওয়া গেছে যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব নাশকতা চালাচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষের মনের আতঙ্ক দূর করতে ডিএমপি তাদের কার্যক্রম জোরদার করেছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পুলিশি টহল ও মোতায়েন বাড়ানো হয়েছে। পাশাপাশি মোবাইল পার্টি, পিকেট ডিউটি এবং কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিসি আকতার হোসেন।
ককটেল তৈরির উপকরণের উৎস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এর আগেও বিস্ফোরকদ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জামসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতা রোধে পেট্রোল পাম্পসহ সন্দেহভাজন উৎসগুলো থেকে দাহ্য পদার্থ কেনাবেচা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

















