সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে সম্প্রতি হুথি মিলিশিয়ারা হামলা চালিয়েছে। এই ঘটনায় এলাকাটির একটি সুউচ্চ ভবন অবকাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবের ওপর এ ধরনের ধারাবাহিক হামলার কঠোর সমালোচনা করেছে। একই সঙ্গে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে সৌদি আরবের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইউই হুথিদের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই হামলার পেছনে জড়িত হুথি মিলিশিয়াদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

















