বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক ভ্রাতৃত্ব ও সুদৃঢ় বন্ধন তৈরির লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই অনুষ্ঠানটি গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনের লক্ষ্যে ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, বরিশাল এনএসআইয়ের ডেপুটি ডিরেক্টর মো. রুবেল আলম, এসএমসি এন্টারপ্রাইজের সিনিয়র সেলস ম্যানেজার মো. নাসির উদ্দীন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াহিয়াসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার স্বাগত বক্তব্য রাখেন, যার পরপরই আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয় জীবনকে গভীর জ্ঞান অর্জন, প্রয়োজনীয় দক্ষতা বিকাশ এবং মানবিক মূল্যবোধ লালনের মাধ্যমে অর্থবহ করে তোলার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সফল ক্যারিয়ার গড়ার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। সেই সঙ্গে নিজ জেলার মানুষের প্রতি সামাজিক দায়িত্ববোধ বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যের মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের মূল পর্বে সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের দায়িত্বকালীন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া এ বছর বিশ্ববিদ্যালয় জীবন সম্পন্নকারী বিদায়ী শিক্ষার্থীদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আলোচনা পর্ব শেষে আনন্দঘন পরিবেশে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনের সফল সমাপ্তি ঘটে।













