আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যুর ঘটনায় ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তান। শুক্রবার বেডিয়ান সেক্টরে সংঘটিত এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভারতীয় কূটনীতিককে তলব করে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএসএফ সদস্যরা কোনো প্রকার উসকানি ছাড়াই নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। তাদের দাবি, এই বলপ্রয়োগ ছিল অসামঞ্জস্যপূর্ণ এবং অন্যায্য। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে যে, সীমান্তে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা প্রতিহত করার সময় এই ঘটনা ঘটেছে।
এই দাবি নাকচ করে দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার যেকোনো অপপ্রয়াস তারা স্পষ্টভাবেই প্রত্যাখ্যান করছে। একইসঙ্গে ঘটনাটির স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছে ইসলামাবাদ। দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তদন্তের ফলাফল ও গৃহীত পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানিয়েছে পাক সরকার। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

















