নওগাঁর সাপাহার ও পত্নীতলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সাতজনকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে এই পুশইনের চেষ্টা চালানো হয়। সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে এই চেষ্টা সফল হয়নি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা ও পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্তে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে পত্নীতলার কড়িয়া সীমান্ত দিয়ে তিনজন এবং সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শূন্যরেখার কাছাকাছি অবস্থানরত ওই সাতজনকে শনাক্ত করে। তাদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। জানা গেছে, সাপাহার সীমান্ত দিয়ে পাঠানো চারজন একই পরিবারের সদস্য।
লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব আরও বলেন, বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন এবং তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় সতর্ক রয়েছে।















